পিবিআই হেফাজতে থাকাকালীন নির্যাতনের অভিযোগ এনে সংস্থাটির প্রধান বনজ কুমার মজুমদারসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন স্ত্রী মিতু হত্যা মামলায় কারাগারে থাকা পুলিশের সাবেক এসপি বাবুল আকতার।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুন্নেসার আদালতে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩ এর ১৫ (১) এর ধারা এবং সংশ্লিষ্ট আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করাহয়। মামলায় পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার, সংস্থাটির চট্টগ্রাম জেলার এসপি নাজমুল হাসান, চট্টগ্রাম মেট্রো ইউনিটের এসপি নাইমা সুলতানা, পিবিআইয়ের সাবেক পরিদর্শক সন্তোষ কুমার চাকমা, এ কে এম মহিউদ্দীন সেলিম এবং সংস্থাটির চট্টগ্রাম জেলা ইউনিটের পরিদর্শক কাজী এনায়েত কবিরকে আসামী করা হয়। আদালত আদেশের জন্য আগামী ১৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
মামলায় ২০২১ সালের ১০ মে থেকে ১৭ মে পর্যন্ত সময়ে পিবিআই চট্টগ্রাম জেলা ও মেট্রো অফিসের হেফাজতে থাকার সময় স্ত্রী হত্যার ঘটনায় মিথ্যা স্বীকারোক্তি দিতে বাবুল আক্তারের সঙ্গে নিষ্ঠুর আচরণ করা হয় বলে অভিযোগ আনা হয়।
২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় গুলি ও ছুরিকাঘাতে হত্যা করা হয় বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে। স্ত্রী খুনের ঘটনায় ওই সময় নগরীর পাচলাইশ থানায় হত্যা মামলা করেন বাবুল আকতার।
পরে গত বছরের ১২ মে বাবুল আক্তারসহ আটজনকে আসামি করে মিতুর পিতা মোশররফ হোসেন মামলা দায়ের করেন। দুটি মামলাই তদন্ত করেছে পিবিআই।








