চোটে ঘরোয়া ও আন্তর্জাতিক মৌসুম মিস করেছেন পেসার এনরিখ নর্টজে ও লুনগি এনগিদি। পাকিস্তানের হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সাউথ আফ্রিকা স্কোয়াডে ফিরেছেন তারা। পায়ের আঙুলে চোট পেয়েছিলেন নর্টজে, গ্রোয়েন চোটে পড়েছিলেন এনগিদি।
প্রোটিয়াদের ১৫ সদস্যের দলে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা। ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিতে খেলা দল থেকে আছেন ১০ জন। অন্যদিকে উইয়ান মুল্ডার, টনি ডি জর্জি ও রায়ান রিকেলটন প্রথমবার জাতীয় দলের হয়ে আইসিসি ইভেন্টে অংশ নেবেন।
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। দেশটির তিন ভেন্যু এবং দুবাইয়ে (ভারতের ম্যাচ) হবে ম্যাচ। আইসিসিকে প্রতিযোগী দলগুলোর স্কোয়াড জমা দেয়ার শেষদিন নির্ধারিত ছিল রোববার। জমা দেয়া দলে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগপর্যন্ত পরিবর্তনের সুযোগ আছে।
টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে আছে সাউথ আফ্রিকা। ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে শুরু করবে তারা। পরের ম্যাচ রাওয়ালপিন্ডিতে ২৫ তারিখে অস্ট্রেলিয়া ও গ্রুপের শেষ ম্যাচে ১ মার্চ ইংল্যান্ড প্রতিপক্ষ প্রোটিয়াদের।
সাউথ আফ্রিকা দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো জানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুনগি এনগিদি, এনরিখ নর্টজে, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ত্রিস্তান স্টাবস, রসি ফন ডার ডুসেন।







