ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য আগেই দল দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিরিজের জন্য ছিল না অধিনায়কের নাম। এবার অধিনায়কের নাম জানাল সিএ। নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিস। ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচেও তিনি অধিনায়কত্ব করবেন।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে চলছে অজিদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথমটি জিতে ১-০তে এগিয়ে গেছে স্বাগতিক দল। ৮ ও ১০ নভেম্বর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।
পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক মিচেল মার্শকে বিশ্রাম দেয়া হয়েছে। থাকবেন না ট্র্যাভিস হেডও।
ইংলিশের নেতৃত্বাধীন তৃতীয় ওয়ানডেতে থাকছেন না প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক এবং মার্নাস লাবুশেন। সবাইকে বিশ্রাম দেয়া হচ্ছে। মূলত ২২ তারিখ থেকে শুরু হতে চলা বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রস্তুতি নেবেন তারা। শেষ ওয়ানডের জন্য জেভিয়ার বার্টলেট, স্পেন্সার জনসন, জশ ফিলিপেকে দলে আনা হয়েছে।
অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি দল: জশ ইংলিশ (অধিনায়ক), শন অ্যাবোট, জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।








