একের পর এক হারে বিশ্বকাপে সেমির আগেই বিদায় নিশ্চিত হলেও পাকিস্তানে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা এখনও বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলে আসরটিতে খেলার টিকিট নিশ্চিত করবে টিম টাইগার্স। হারলেও সুযোগ থাকবে, তবে হারের ব্যবধানটা হতে হবে ছোট পরিসরে। এমন বাস্তবতায় নিজেদের শেষ ম্যাচে সেমি নিশ্চিত হওয়া অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শনিবার গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম টাইগার্স। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে মাঠেই লড়াই। তার আগে দেখে নেয়া যাক পরিসংখ্যানে দুদলের মুখোমুখি খতিয়ান।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মুখোমুখি পরিসংখ্যানের দিকে তাকালে যোজন এগিয়ে অজিবাহিনী। ২১ ওয়ানডেতে অজিদের ১৯ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে মাত্র একটিতে, ফলাফল হয়নি এক ম্যাচে। ২০০৫ সালে কার্ডিফে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ত্রিদেশীয় ন্যাটওয়েস্ট সিরিজে অজিদের বিপক্ষে একমাত্র জয়ের স্মৃতি নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স।
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সাক্ষাৎ হয়েছে তিনবার। এখানেও লড়াইয়ের ফল কথা বলছে প্যাট কামিন্সের দলের পক্ষে। দুদলের তিন দেখায় ওয়েস্ট ইন্ডিজে হওয়া ২০০৭ বিশ্বকাপে ১০ উইকেটে হেরেছিল বাংলাদেশ। ১৯৯৯ ও ২০১৯ সালে যথাক্রমে ৭ উইকেট ও ৪৮ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। ২০১৫ আসরের ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৩৩৩ রান, অস্ট্রেলিয়ার ৩৮১। আর সর্বনিম্ন রানের মধ্যে টিম টাইগার্সের ১০৪ রানের বিপরীতে অজিদের ১০৬ রান দৃশ্যপটে।







