আন্তর্জাতিক

কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা

জনসমাগমের মধ্যে নিরাপত্তাহীনতা ও উত্তেজনা দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জনসমাগম ও নিরাপত্তা পরিস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিরগিজস্তানে স্থানীয় উত্তেজিত জনতার হামলার শিকার হয়েছেন বিদেশি শিক্ষার্থীরা। স্থানীয় সময় শনিবার (১৮ মে) কিরগিজস্তানের ইন্টারন্যাশনাল স্কুল অব মেডিসিনের শিক্ষার্থীরা এ হামলার শিকার হন। এ ঘটনার পর কিরগিজস্তানে অবস্থান করা বিভিন্ন দেশের শিক্ষার্থীরা চরম আতঙ্কে সময় পার করছেন। 

দেশটির স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি হোস্টেলে গত ১৩ মে বিদেশি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়। এরপর মিসর থেকে আসা মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে কিরগিজ শিক্ষার্থীদের মারামারির ভিডিও ভাইরাল হওয়ার পরেই পরিস্থিতি উত্তাল হয়।

পরে স্থানীয় বিক্ষোভকারীরা জড়ো হয়ে রাস্তা দখল করে এবং ভবনে ভাঙচুর চালায়। এরপর থেকে রাজধানী বিশকেকে গত কয়েকদিন ধরে উত্তেজিত জনতা পাকিস্তান, ভারত ও বাংলাদেশের শিক্ষার্থীদের আবাসস্থল লক্ষ্য করেও বিক্ষিপ্ত হামলা চালায়।

এ ঘটনায়  দেশটির নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বাড়তি সদস্য।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, একদল দুর্বৃত্ত শনিবার বিশকেকে হোস্টেলে অবস্থান করা ভারত ও পাকিস্তানের মেডিকেল শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়।

একের পর এক হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়গুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কিরগিজস্তানে পড়াশোনা করতে যাওয়া বিভিন্ন দেশের শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় নিজ নিজ দেশের শিক্ষার্থীদের সতর্কতার সাথে চলাফেরার নির্দেশ দিয়েছে ভারত ও পাকিস্তান।

কিরগিজস্তানে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে প্রায় ১২০০ বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন। সরকারি মেডিকেলের শিক্ষার্থীরা নিরাপদে থাকলেও সমস্যার  আছেন বেসরকারি মেডিকেলের ৯ শতাধিক শিক্ষার্থী। তারা একরকম গৃহবন্দি হয়ে পড়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

কিরগিজে অবস্থানকারী বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরের ভেতরে এবং সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস। প্রয়োজনে সরাসরি যোদাযোগ করতে পারবেন এই নম্বরে— +998930009780

প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…