বার্সেলোনার আগ্রহের জবাবে এবার কঠোর অবস্থান জানাল অ্যাটলেটিকো মাদ্রিদ। আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজকে বার্সার কাছে বিক্রির কোন সম্ভাবনাই নেই বলে সাফ জানিয়ে দিয়েছে মাদ্রিদের ক্লাবটি।
বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা সম্প্রতি আলভারেজকে দলে নেয়ার আগ্রহের কথা প্রকাশ করেন। এরপরই স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেয়া বক্তব্যে অ্যাটলেটিকো জানায়, আলভারেজকে নিয়ে চলমান ঘটনায় খেলোয়াড়কে ‘ভুক্তভোগী’ হিসেবে দেখানো হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাটলেটিকোই।
ক্লাবটির ভাষ্য, এই ঘটনায় তারা অর্থনৈতিক ও সামাজিক- দুই দিক থেকেই ক্ষতির মুখে পড়েছে। বার্সেলোনার কাছে আলভারেজকে বিক্রির সম্ভাবনা ‘শূন্য শতাংশ’ বলেও উল্লেখ করেছে তারা। অ্যাটলেটিকোর দাবি, বিষয়টি অর্থের নয়, বরং ‘সম্মানের’।
অ্যাটলেটিকো আরও অভিযোগ করেছে, আলভারেজকে ঘিরে ‘অনেক মিথ্যা ও অর্ধসত্য’ দিয়ে একটি প্রচারণা তৈরি করা হয়েছে। ক্লাবটির মতে, এর পুরো চাপ ও ক্ষতির বোঝা শেষপর্যন্ত অ্যাটলেটিকোকেই বহন করতে হচ্ছে।
এর আগে জুলাইয়েও অ্যাটলেটিকোর প্রধান নির্বাহী মিগেল অ্যাঞ্জেল গিল মারিন জানিয়েছিলেন, আলভারেজকে বিক্রি করার ইচ্ছা তাদের নেই। বার্সেলোনার প্রস্তাব নিয়ে তিনি বলেছিলেন, ১০০ মিলিয়ন ইউরোও তারা গ্রহণ করেনি, ভবিষ্যতে ১৫০ বা ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব এলেও অবস্থান বদলানোর নিশ্চয়তা নেই।
এদিকে আলভারেজকে নিয়ে চলমান অস্থিরতায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। ২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাটলেটিকোতে যোগ দেয়া এই ফরোয়ার্ডের চুক্তি ২০৩০ সাল পর্যন্ত। বার্সেলোনার আগ্রহের পাশাপাশি ইংলিশ ক্লাবগুলোরও নজর রয়েছে তার ওপর। তবে বর্তমান অবস্থায় অ্যাটলেটিকোর বার্তা পরিষ্কার- বার্সেলোনার কাছে আলভারেজকে বিক্রি করার প্রশ্নই নেই।
ঘটনার সূত্রপাত মূলত আলভারেজের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা থেকে। বিভিন্ন প্রতিবেদনে তার বার্সেলোনায় যাওয়ার আগ্রহের কথা উঠে এসেছে। লাপোর্তাও প্রকাশ্যে জানিয়েছেন, বার্সা আলভারেজকে চায় এবং অ্যাটলেটিকো প্রস্তাবটি গ্রহণ করুক। অন্যদিকে অ্যাটলেটিকো মনে করছে, খেলোয়াড়ের ইচ্ছাকে কেন্দ্র করে তাদের ওপর চাপ তৈরি করা হচ্ছে।









