বাংলাদেশের জার্সিতে খেলার অপেক্ষায় আছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটি ফুটবলার হামজা চৌধুরী। এবার অস্ট্রেলীয় এক খেলোয়াড়কে দলে পেতে চলেছে লাল-সবুজের বয়সভিত্তিক দল। এএফসি অনূর্ধ্ব-১৭ দলে প্রাথমিকভাবে রাখা হয়েছে আরহাম ইসলামকে। ১৬ বর্ষী তরুণের জন্ম বাংলাদেশে, তবে পরিবারের সঙ্গে বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়ায়।
এএফসি অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপের জন্য ইতিমধ্যেই বিকেএসপিতে ২৭ ফুটবলার নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। আরহাম এলে সরাসরি বিকেএসপিতে অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন, জানিয়েছেন দলটির কোচ ও বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। আগামী বৃহস্পতিবার ঢাকায় আসার কথা রয়েছে তার।
আরহাম ইসলাম প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে সাইফুল বারী বলেছেন, ‘ওর পরিবার থেকে বাংলাদেশে খেলার আগ্রহ দেখিয়েছে। আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা ওর ভিডিও দেখেছি। ভিডিওতে ভালোই লেগেছে। একটু লম্বা প্রক্রিয়া ছিল, তা শেষ করে আমরা তাকে ডেকেছি। ৯ তারিখ বাংলাদেশে আসবে। তখন সরাসরি দেখবো। আসলে সরাসরি না দেখলে তো বুঝতে পারবো না কেমন খেলে।’
‘সরাসরি দেখার পর যদি ভালো মনে হয় তাহলে ১৭ তারিখ আমরা কম্বোডিয়া যাবো। সেই দলে সে থাকতে পারে।’
বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি খেলোয়াড়রা দেশের ফুটবলে খেলার আগ্রহ দেখাচ্ছেন কিনা, এমন প্রসঙ্গে টিটু বললেন- ‘আসলে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি খেলোয়াড়দের আমরা খোঁজ করি। তারা যদি এলিট একাডেমি থেকে বেড়ে ওঠে এবং পরে বাংলাদেশে খেলতে চায়, সেটা আমাদের দেশের ফুটবলের জন্য ভালো। শ্রীলঙ্কার দিকে দেখেন তাদের ৮ জনই বিদেশি খেলোয়াড়। তারা ভালো, আমাদেরও বংশোদ্ভূত ফুটবলাররা যদি আগ্রহ প্রকাশ করে সেটা আমাদের জন্য ভালো হবে।’
আরহাম অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন ইউনাইটেড এফসি একাডেমির খেলোয়াড়। বাংলাদেশে জন্ম, শৈশবে মা–বাবার সঙ্গে চলে যান অস্ট্রেলিয়ায়। বাংলাদেশ জার্সিতে তাকে খেলাতে বাফুফে ইতিমধ্যে এএফসিতে তার রেজিস্ট্রেশন করিয়েছে। আরহামের বাংলাদেশি পাসপোর্টও করেছেন নতুন করে।
কম্বোডিয়ায় ১৯ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এএফসি অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। গ্রুপ ‘বি’তে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, ফিলিপিন্স, ম্যাকাও এবং স্বাগতিক কম্বোডিয়া।







