মারাকানায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল লিওনেল মেসি ও তার সতীর্থরা। সিনিয়রদের দেখানো পথেই হাঁটলো আর্জেন্টিনার অনুর্ধ্ব-১৭ ফুটবল দল। ক্লাউডিও এচেভেরির হ্যাটট্রিকে ব্রাজিলকে ৩-০ গোলে উড়িয়ে অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
ইন্দোনেশিয়া জাকার্তায় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি লাতিনের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচে একছত্র আধিপত্য বিরাজ করেছে আলবিসেলেস্তেরা। বয়সভিত্তিক আসরটির বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলকে শেষ আট থেকেই বিদায় করেছে তারা। মঙ্গলবার আসরের প্রথম সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় গড়াবে লড়াই।
জাকার্তায় বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে বিলম্ব হয় প্রায় আধঘণ্টা। মাঠে লড়াই গড়ালে সমানে সমানই লড়েছিল দুদল। ১৫ মিনিটের পর থেকেই আধিপত্য বিরাজ করে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে ম্যাচের ২৮তম মিনিটে ব্রাজিলের রক্ষণ ভাঙে ক্লাডিও এচেভেরি। ডি বক্সের কিছুটা বাইরে থেকে শট নিয়েছিলেন। ব্রাজিল অধিনায়ক ভিটর রেয়েসের পায়ে লেগে খানিক দিক পরিবর্তন করে। তাতেই পরাস্ত হন ব্রাজিলের গোলরক্ষক। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দুদল।
বিরতির পর ম্যাচের ৫৮তম মিনিটে দ্বিতীয় গোলটি এনে দেন এচেভেরি। ভ্যালেন্টিনো আকুনার পাসে কোনাকুনি শটে ব্রাজিলের গোলরক্ষককে পরাস্ত করেন। ৭১তম হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন অধিনায়ক। অগাস্টিন রুবের্তোর পাস থেকে তৃতীয় গোলটি আদায় করেন তিনি। টুর্নামেন্টে এটি এচেভেরির পঞ্চম গোল ছিল এটি।
৭৫ মিনিটে চোট পান এচেভেরি। হ্যামস্ট্রিং এর ইনজুরিতে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর ম্যাচের ফেরার চেষ্টা করেছিল ব্রাজিল। শেষ অবধি ৩-০ গোলের জয় নিয়েই বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় করে আর্জেন্টিনা।







