ফুটবল বিশ্বকাপ ঘিরে সমর্থকদের আবেগ-উচ্ছ্বাসের মধ্যেই কুষ্টিয়ায় ব্রাজিলের হারের পর এক তরুণ আত্মহত্যা করেছেন। জানা গেছে, এই তরুণ রেখে গেছেন মাত্র দুই মাসের এক শিশুসন্তান।
মর্মান্তিক এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও উদ্বেগ প্রকাশ করছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অপূর্ব লিখেছেন, এই খবর দেখে তিনি ভীষণ মর্মাহত।
অপূর্ব বলেন, খেলাকে বিনোদন হিসেবে নেওয়া উচিত। এখানে হার-জিত থাকবেই। প্রিয় দল জিতলে ভালো লাগবে, হারলে খারাপ লাগবে। তবে কোনো খেলাই যেন জীবনের চেয়ে বড় হয়ে না ওঠে। কারণ দিনশেষে এটি শুধুই একটি খেলা।
তিনি আরও বলেন, ট্রল খেলাধুলারই একটি অংশ। তবে অতিরিক্ত ট্রল, অপমান কিংবা কাউকে হেয় করার সংস্কৃতি থেকে সবাইকে সরে আসতে হবে। কারণ একজনের কাছে যা নিছক মজা, অন্য একজনের জন্য সেটিই মানসিকভাবে গভীর কষ্টের কারণ হতে পারে।
পোস্টের শেষ দিকে অপূর্ব লেখেন, একটি দল আজ হারলেও আগামীকাল আবার জিততে পারে, ট্রফিও জিততে পারে। কিন্তু একটি জীবন একবার চলে গেলে তা আর কখনো ফিরে আসে না।
অভিনেতা অপূর্বর এই বার্তা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত হয়ে খেলাকে খেলার জায়গায় রাখার আহ্বান জানিয়েছেন।








