সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড ক্যামেস্ট্রি ও ক্যামিকেল ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরীকে নিয়োগ দেয়া হয়েছে।
একই সাথে নতুন উপ-উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। নতুন কোষাধ্যক্ষ হিসাবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে গত ৫ আগস্ট সরকার পতনের পর একে একে পদত্যাগ করতে থাকেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ শীর্ষস্থানীয় ৮৩ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
গুরুত্বপূর্ণ এসব পদের পদত্যাগের ফলে কার্যত অচল হয়ে পড়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। ফলে দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।
এতে হতাশা আর অস্থিরতা দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে। প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকার ফলে আবাসিক হলগুলোতেও বাড়ছে নিরাপত্তার শঙ্কা। সাধারণ শিক্ষার্থীদের দাবি দ্রুত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়োগ দিয়ে যেন দ্রুত সমস্যার সমাধান করা হয়।








