দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ১১ জেলা জুড়ে বন্যা পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) তৃতীয় দিনের মতো ‘গণত্রাণ’ কর্মসূচিতে ত্রাণ পৌঁছে দিচ্ছেন হাজারো মানুষ।
শনিবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে তৃতীয় দিনের মতো এই ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু হয়। গণত্রাণ কর্মসূচিতে দুই দিনে এক কোটি টাকার বেশি অর্থ সহায়তা এসেছে।
তবে সড়কে ডাকাতি ও ত্রাণ সহায়তা বিতরণে সমস্যার কথা জানিয়েছেন শিক্ষার্থীদের অনেকে।
টিএসসিতে দেখা গেছে বন্যার্তদের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে অংশ নিতে সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণপণ্য নিয়ে আসছেন সব বয়সী মানুষ। টিএসসি জুড়ে বিরামহীন ভাবে কাজ করছেন ১০০ জনের বেশি স্বেচ্ছাসেবী।
নিজের এলাকার বানভাসি মানুষের জন্য ত্রাণ সহায়তা পৌঁছে দিতে ছুটে আসেন অনেকে। শিক্ষার্থীদের সঙ্গে সেবা দিতে এসেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধারাও।
শুকনো খাবার, কাপড়, ওষুধ, নিরাপদ পানি ও শিশুখাদ্যসহ বন্যাকবলিত এলাকায় এসব সহায়তা যেন দ্রুত পৌঁছে যায় সেই চাওয়া সাধারণ মানুষের।








