মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে মার্কিন র্যাপার উইজ খলিফাকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন রোমানিয়া আদালত। স্থানীয় সময় শুক্রবার (১৯ ডিসেম্বর) এই রায় ঘোষণা করা হয়।
গত বছর রোমানিয়ার কোস্টিনেস্তিতে অনুষ্ঠিত ‘বিচ, প্লিজ’ নামের একটি কনসার্টে পারফর্ম করার সময় প্রকাশ্যে গাঁজা সেবন করেন উইজ খলিফা। সে সময় গ্রেপ্তারও হয়েছিলেন তিনি। এবার সে ঘটনার জেরে কারাদণ্ডে দণ্ডিত হলেন ‘সি ইউ অ্যাগেইন’ খ্যাত এই শিল্পী।
সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, এর আগে প্রাথমিক রায়ে রোমানিয়ার আদালত তাকে ৩ হাজার ৬০০ রোমানিয়ান লেই (প্রায় ৯৬ হাজার টাকা) জরিমানা করেছিলেন। কিন্তু এক আপিলের পর সেই সিদ্ধান্ত বাতিল করে তাকে সরাসরি কারাদণ্ড ভোগের নির্দেশ দেন আদালত।
যদিও এই সাজা ঘোষণার সময় উইজ খলিফা আদালতে উপস্থিত ছিলেন না। কারণ তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় পারফর্ম করেছেন এই শিল্পী, সক্রিয় আছেন সামাজিক মাধ্যমেও। তবে ১০ বার গ্র্যামি মনোনয়ন পাওয়া এই শিল্পীর পক্ষ থেকে রায়ের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার দিন উইজের কাছ থেকে ১৮ গ্রামের বেশি গাঁজা পাওয়া যায়; এবং তিনি মঞ্চে দাঁড়িয়ে তা সেবন করেছিলেন। বিচারকরা এই রায় নিয়ে বলেছেন, উইজ খলিফা তরুণদের কাছে একজন জনপ্রিয় তারকা।







