দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন-এ চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও) হিসেবে নিয়োগ পেয়েছেন আন্দ্রেয়াস হগবার্গ।
গতকাল সোমবার ১ জুন থেকে এই নিয়োগ কার্যকর হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
নতুন দায়িত্বে আন্দ্রেয়াস হগবার্গ কোম্পানির কৌশলগত রূপান্তর প্রক্রিয়া তত্ত্বাবধান করবেন এবং পাঁচ বছর মেয়াদি কর্পোরেট কৌশল বাস্তবায়নে নেতৃত্ব দেবেন। তিনি মূলত উদ্ভাবন পরিচালনা, কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক রূপান্তর কার্যক্রমে কাজ করবেন।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, সিএসটিও হিসেবে তিনি গ্রামীণফোনের প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও জোরদার, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল সক্ষমতা উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও আধুনিক টেলিযোগাযোগ ও প্রযুক্তি সেবা প্রদানকারী কোম্পানিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করবেন।
আন্দ্রেয়াস হগবার্গের রয়েছে টেলিনর গ্রুপে ফিন্যান্স, প্রযুক্তি ও শেয়ার্ড সার্ভিসেস খাতে ২১ বছরের বেশি আন্তর্জাতিক অভিজ্ঞতা। সর্বশেষ তিনি ২০২৩ সালের জুন থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত টেলিনর পাকিস্তানের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি টেলিনর প্রকিউরমেন্ট কোম্পানির বোর্ড সদস্য হিসেবেও দায়িত্বে ছিলেন।
এর আগে তিনি টেলিনর গ্রুপের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন, যার মধ্যে রয়েছে গ্রামীণফোন, টেলিনর পাকিস্তান ও টেলিনর মিয়ানমারে নেতৃত্ব পর্যায়ের ভূমিকা। তিনি ভাইস প্রেসিডেন্ট (টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস) হিসেবেও দায়িত্ব পালন করেন, যেখানে তিনি গ্রুপজুড়ে বৈশ্বিক বিনিয়োগ অগ্রাধিকার সংক্রান্ত উদ্যোগ পরিচালনা করেন।
নিয়োগকে স্বাগত জানিয়ে ইয়াসির আজমান বলেন, পরিবর্তনশীল নিয়ন্ত্রক পরিবেশ, ডেটা, ডিজিটাল সেবা, আইওটি ও নিরাপত্তা খাতের সম্ভাবনা মিলিয়ে বাংলাদেশের টেলিকম খাত এখন জটিল ও সম্ভাবনাময় অবস্থায় রয়েছে। তার মতে, আন্দ্রেয়াসের নেতৃত্ব এই রূপান্তরকে আরও এগিয়ে নেবে এবং প্রতিযোগিতামূলক বাজারে কোম্পানির অবস্থান শক্তিশালী করবে।
অন্যদিকে, নতুন দায়িত্ব নিয়ে আন্দ্রেয়াস হগবার্গ বলেন, গ্রামীণফোনে যোগ দিতে পেরে তিনি আনন্দিত। তার লক্ষ্য হবে কৌশলগত বাস্তবায়নকে আরও কার্যকর করা, গ্রাহককেন্দ্রিক সেবা বাড়ানো এবং ডিজিটাল জীবনে মানসম্মত সমাধান নিশ্চিত করা। একইসঙ্গে শেয়ারহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য তৈরি করাও তার অগ্রাধিকার থাকবে।
আন্দ্রেয়াস নরওয়েজিয়ান স্কুল অব ইকোনমিকস থেকে পড়াশোনা করেছেন এবং আইএমডি, ইনসিয়াড ও স্টকহোম স্কুল অব ইকোনমিকসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ শিক্ষা প্রোগ্রাম সম্পন্ন করেছেন।







