দেখতে দেখতে এসে পড়ল ১২ জুলাই। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের দিন অবশেষে হাজির। বান্দ্রা কুর্লা সেন্টারে অবস্থিত জিও ওয়ার্ল্ড সেন্টারে বসছে তাদের বিয়ের আসর। বিয়ের পর ১৩ তারিখ শুভ আশীর্বাদ এবং ১৪ তারিখ রিসেপশন পার্টি।
গত মার্চ মাস থেকে বিয়ে উপলক্ষে চলছে উৎসব। আম্বানিদের বসতভিটে অ্যান্টিলিয়ায় তো বটেই বিভিন্ন উৎসব মঞ্চে এসে উপস্থিত হয়েছেন দেশ বিদেশের তারকারা। বলিউডের সঙ্গীত এবং গানের জগতের নক্ষত্ররা তো আছেনই, অনন্ত-রাধিকার বিয়ের উৎসবে মুম্বাইয়ে এসে গান গেয়ে গিয়েছেন বিশ্ব বিখ্যাত পপতারকা জাস্টিন বিবারও। কিন্তু জানেন কি অনন্ত-রাধিকার এই পুরো বিয়ের অনুষ্ঠানের জন্য কত খরচ হয়েছে আম্বানী পরিবারের?
ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে খরচ হচ্ছে ৪০০০ থেকে ৫০০০ কোটি টাকা। কি চোখ কপালে উঠলো? কিন্তু না, জানা গেছে আম্বানিদের মোট সম্পত্তির খুব সামান্য অংশ-ই এটি! শুধু তাই নয়, অনন্ত-রাধিকার বিয়েতে আম্বানিদের মোট সম্পত্তি মাত্র ০.৫ শতাংশ-ই নাকি খরচ হচ্ছে! তাহলে কত সম্পত্তির মালিক এই আম্বানিরা!
ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে মুকেশ আম্বানির মোট সম্পত্তির হিসেব দাঁড়িয়েছে ১০,১৮,৬১২ কোটি টাকা। তাইতো ধনকুবেরের কাছে ৫০০০ কোটি খুব সামান্যই বটে।
এদিকে বিয়ের সাজে সেজে উঠেছে আম্বানিদের ২৭ তলা বাড়ি। আলো ও ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা বাড়ি। গাঁদা ফুল এবং উজ্জ্বল হলুদ আলো ব্যবহার করা হয়েছে সাজানোর জন্য।- বলিউড লাইফ








