মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন’কে খুব মারছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! রোববার সকালে ট্রাম্পের টুইট করা ভিডিওতে এমনটিই দেখা যায়।
ভিডিওটিতে দেখা যায়, ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টে (ডাব্লিউডাব্লিউই) অংশ নেয়া ট্রাম্প রেসলিং রিংয়ের বাইরে থাকা একজনের দিকে দৌড়ে এসে ধাক্কা দিয়ে ফেলে দিলেন, মুখে বেশ কয়েকবার আঘাত করলেন। সেই আক্রান্ত লোকটির মুখ এডিট করা, যেখানে সিএনএন’র লোগো বসানো। এর সাথে সিএনএন’কে ‘ভুয়া’ অ্যাখ্যা দিয়ে হ্যাশট্যাগ দেওয়া হয় #ফ্রডনিউজসিএনএন এবং #এফএনএন।

মূলত রেসলিংয়ের এই ঘটনাটি ২০০৭ সালের। সেসময় র্যাসলমেনিয়া ২৩ এ অংশ নিয়েছিলেন ট্রাম্প, যাকে বলা হতো “ব্যাটল অব বিলিউনিয়ার্স” বা “ধনকুবেরদের লড়াই”।

ট্রাম্পের এই টুইটের প্রতিক্রিয়া জানিয়ে টুইট করেছে সিএনএন। হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ হুকাবি স্যান্ডার্সের এক উক্তি তুলে ধরে তারা, প্রেসিডেন্ট সহিংসতাকে উৎসাহিত করে না।

ট্রাম্পের সহযোগীর সাথে রাশিয়ার আর্থিক সংযোগ নিয়ে একটি প্রতিবেদন করার প্রেক্ষিতে সম্পতি সিএনএন’র তিন সাংবাদিক পদত্যাগ করতে বাধ্য হন। প্রতিবেদনটি প্রকাশের আগে বিষয়টি ভালোভাবে যাচাইবাছাই করা হয়নি, এমন অভিযোগে। এই ঘটনার পর বৃহস্পতিবার সিএনএনকে তীব্র সমালোচনায় বিদ্ধ করেন ট্রাম্প।

সংবাদ মাধ্যমের সাথে ট্রাম্পের তিক্ততা ক্রমেই বাড়ছে।একদিন আগেই এমএসএনবিসি’র উপস্থাপক মিকা ব্রেজেজিন্সকি সম্পর্কে টুইটারে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হন ট্রাম্প।








