লিডটা হতে পারত একশরও বেশি। ১৬০ রানে ভারতের ষষ্ঠ উইকেট ফেলে দিয়ে বড় লিডের আশা জাগিয়েছিল ইংল্যান্ড, তখনই ব্যাট হাতে দেয়াল গড়ে তোলেন হনুমা বিহারী নামের ২৪ বছরের অভিষিক্ত এক তরুণ। যোগ্য সঙ্গী হিসেবে পান পুরনো যোদ্ধা রবীন্দ্র জাদেজাকে। তাতে প্রথম ইনিংস থেকে ইংলিশরা লিড পেয়েছে মাত্র ৪০ রানের।
লন্ডন টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৩২ রানের জবাবে ২৯২ রানে থেমেছে ভারত। ৪০ রানে এগিয়ে থেকে লিড বড় করতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা।
সাদা পোশাকের বিশতম অর্ধশতক থেকে এক রান দূরে আউট হন কোহলি। তখন ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১৫৪। কিছুক্ষণ পর বেন স্টোকসের বলে অ্যালিস্টার কুকের হাতে স্লিপে রিশভ পান্ট ধরা পড়লে দলটির সংগ্রহ দাঁড়ায় ১৬০। তখন রীতিমত কাঁপছে ভারত।
এমন সংকটের মুহূর্তে বিহারী-জাদেজা জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। দুজনে গড়েন ৭৭ রানের জুটি।
ঘরোয়া ক্রিকেটে প্রায় ৬০ ছুঁইছুঁই গড় নিয়ে অভিষেক হয়েছে হনুমা বিহারীর। চাপের মুখে প্রথম ইনিংসে ১২৪ বলে ৫৬ রানের এক ধৈর্যশীল ইনিংস খেলেছেন অন্ধ্রপ্রদেশের এ তরুণ।
জাদেজাই বা কম যান কিসে, দলীয় ২৩৭ রানে হনুমা ফেরার পর দলকে ২৯২ রান পর্যন্ত টেনে নিয়ে গেছেন। শতকটাও পেতে পারতেন। কিন্তু অন্যপ্রান্তের ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিল জারি রাখায় প্রথম শতক থেকে ১৪ রান দূরেই থামকে যেতে হয় এ অলরাউন্ডারকে। অপরাজিত থাকেন ৮৬ রানে।








