মাথায় গুরুত্ব আঘাত পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিড স্টার মিচেল জনসন। জখমের পরিমাণ এতোই বেশি যে, তার মাথায় ১৬টি সেলাই দিতে হয়েছে। তবে সবকিছুর পর এখন সুস্থ আছেন জনসন।
জিম করার সময় চিন-আপ বারে ধাক্কা লেগে মাথা ফেটে যায় জনসনের। ফাটা মাথার সেই ছবি নিজেই ইনস্টাগ্রামে দিয়েছেন তিনি। তাতে দেখা যায়, ফাটা জায়গায় ১৬টি সেলাই লেগেছে।
চোটের ছবি এতটাই ভয়াবহ যে, জনসন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘যদি রক্ত এবং কাঁটা-ছেড়া আপনার সহ্য না হয়< তাহলে এই ছবি দেখবেন না। তবে আমি সুস্থ আছি।’
নিজের সুস্থতা খবরের সঙ্গে চিন আপ বারে জিমের সময় সবার জন্য সতর্কবার্তাও দিয়েছেন জনসন।
জাতীয় দল থেকে অবসর নিলেও বিভিন্ন টি-টুয়েন্টি লিগে খেলছেন জনসন। আসন্ন আইপিএলে খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তাই জনসনের সুস্থতার খবর নাইটদের জন্য স্বস্তির।







