লিওনেল মেসিকে ফাউল করে লাল কার্ড দেখার পর এক ম্যাচ নিষিদ্ধ হওয়া অবধারিতই ছিল রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের। সম্ভাবনা ছিল বাড়তি নিষেধাজ্ঞারও। তবে কার্ড দেখে মাঠ ছাড়ার সময় ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি করার পরও তার বাড়তি কোন শাস্তি হয়নি। নিষেধাজ্ঞার কারণে বুধবার রাতে দেপোর্তিভো লা করুনা বিপক্ষে মাঠে নামতে পারবেন না রামোস।
রামোসের লাল কার্ড দেখে মাঠ ছাড়ার দিনে ঘরের মাঠের এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ৩-২ গোল হারে রিয়াল মাদ্রিদ। ম্যাচে জোড়া গোল করেন মেসি।
এমনিতেই পরের ম্যাচে খেলতে পারতেন না রামোস। তার ওপর রেফারির উদ্দেশ্যে বিদ্রূপাত্মক অঙ্গভঙ্গি করে বিতর্ক উস্কে দিয়েছিলেন তিনি।
মাঠ ছাড়ার সময় হাততালি দিয়ে ভিআইপি বক্স দেখিয়ে কিছু একটা বোঝাতে চাচ্ছিলেন রামোস। এই ঘটনা তদন্তের জন্য ক্লাব বার্সেলোনার পক্ষ থেকে আবেদন জানানো হয়।
এর আগে, রেফারির সিদ্ধান্তে নাখোশ হয়ে ব্যঙ্গাত্মক হাততালি দিয়ে ২ ম্যাচ নিষিদ্ধ হন বার্সা ফরোয়ার্ড নেইমার। যার জেরে খেলতে পারনেনি ক্লাসিকোতে। তবে নেইমারের কাছাকাছি অপরাধ হলেও একই শাস্তি পাননি রিয়াল তারকা।
রামোসের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিল রিয়াল। কিন্তু সে আপিল খারিজ করে দেয় কম্পিটিশন কমিটি আরএফইএফ। বরং রামোসের ট্যাকলকে ‘হিংস্র কাজ’ বলে উল্লেখ করেছে ওই কমিটি। তবে শাস্তির ক্ষেত্রে অবশ্য সেই কাজের যথার্থ প্রতিফলন চোখে পড়ল না!








