ওয়ানডে বিশ্বকাপ-২০১৯ এর বাছাইপর্বে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে বড় ধাক্কাই খেয়েছিল গত কিছুদিন দুর্দান্ত পারফর্ম করে চলা আফগানিস্তান। সেই ধাক্কা দ্বিগুণ করল জিম্বাবুয়ে। মঙ্গলবার রোমাঞ্চ ছড়ানো ম্যাচে আফগানদের ২ রানে হারিয়েছে তারা।
বুলাওয়েতে শুরুতে ব্যাট করে ৪৩ ওভারে ১৯৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে টেলএন্ডারদের দারুণ লড়াইয়ের পর ৩ বল হাতে রেখে জয় থেকে ২ রান দূরে আটকে যায় আফগানিস্তান।
জয় থেকে ২০ রান দূরে নবম উইকেটটি হারায় আফগানরা, তখন ৪১.১ ওভারের খেলা চলে। পরে দৌলত জাদরান ও শাপুর জাদরান মিলে ৪৯.৩ ওভার পর্যন্ত টেনে নেন ম্যাচের ভাগ্য! ৫০ বলে ১৭ রান যোগ করেন দুজনে। ভেটরির বলে শাপুর (৭) সাজঘরে ফিরলে শেষ হয়ে যায় আফগানদের লড়াই। দৌলত ১০ রানে অপরাজিত থাকেন।
তার আগে মোহাম্মদ শেহজাদ ২৪, রহমত শাহ ৬৯, মোহাম্মদ নবীর ৫১ রানে লড়াইয়ে থাকে আফগানিস্তান।
মুজারাবানি ৪৭ রানে ৪টি, সিকান্দার রাজা ৪০ রানে ৩টি, ভেটরি ৩১ রানে ২ উইকেট নিয়ে আফগানদের চেপে রাখেন।
শুরুতে ব্রেন্ডন টেলর ৮৯ ও সিকান্দার রাজার ৬০ রানে দুইশ ছুঁইছুঁই পুঁজি পায় জিম্বাবুয়ে।
মুজিব ও রশিদ খান ৩টি করে উইকেট নেন। দৌলত নেন ২টি। কিন্তু বোলারদের এনে দেয়া সাফল্যটা ব্যাটসম্যানরা পূর্ণতা দিতে পারলেন না।
আফগানরা বাছাইয়ে টানা ২টি ম্যাচ হেরে বিশ্বকাপ স্বপ্ন ফিকে করে ফেলল অনেকটাই। সেখানে জিম্বাবুয়ে জিতল টানা দুই ম্যাচ।







