যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান, জেনারেল চার্লস সিকিউ ব্রাউন চলমান ইসরায়েল সংকটে ইরানকে না জড়াতে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যেন ইসরায়েলের ওপর হামাসের আক্রমণে না জড়ায়, কারণ যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্ররা এই মারাত্মক সংঘাতকে আরও প্রসারিত হওয়ার আগেই রোধ করতে চায়।
রয়টার্স জানিয়েছে, এর আগে হোয়াইট হাউস বলেছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এমন কোন প্রমাণ নেই যা নির্দেশ করে যে ইসরায়েলে হামলায় ইরান জড়িত।
জেনারেল ব্রাউন সোমবার সন্ধ্যায় ব্রাসেলসে সাংবাদিকদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং সামরিক বিমান ইসরায়েলের কাছাকাছি নিয়ে যাওয়ার মানে ইরানকে সতর্ক করা। মার্কিন কর্মকর্তারা একটি দীর্ঘ সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং হামলার ফলে ইসরায়েলের শত্রুদের এই অশান্তির সুযোগ নেওয়া থেকে নিরুৎসাহিত করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন।
তিনি বলেন, ইরান-সমর্থিত লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহও সরাসরি এই হামলায় নিজেদের যুক্ত করতে এবং যুদ্ধকে আরও প্রসারিত করতে পারে।
তিনি বলেন, আমাদের শক্তি কেবল ইসরায়েলের সমর্থনে নয় বরং ইসরায়েলের সাথে এই সংঘাতে হামাসকে সমর্থন করবে এমন অন্য কোনো সত্ত্বাকে প্রতিরোধ করাও। তিনি আরও বলেন, আমরা একটি সুন্দর বার্তা পাঠাতে চাই। আমরা এটি বিস্তৃত করতে চাই না এবং ইরানের কাছে এই বার্তাটি পরিষ্কার করে বলতে চাই।
ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ ঘোষণা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতদিন সাধারণত ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালালেও এবার সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা করে সংগঠনটি। প্রতিবাদে ইসরায়েলও পাল্টা হামলা শুরু করে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৫শ’র বেশি মানুষ।








