সবে দায়িত্ব নিয়েছেন। রুবেন আমোরিমের অধীনে মাত্র কয়েকটি ম্যাচ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এরমধ্যে উত্তরাধিকার সূত্রে বেশ সমস্যার মধ্যে পড়েছেন পর্তুগীজ কোচ। শেষে বলেছেন- ম্যানচেস্টার ইউনাইটেড একটি বিশাল ক্লাব, বিশাল দল নয়।
২০১৩ সালের পর থেকে লিগ শিরোপা জিততে না পারা রেড ডেভিলরা ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল দল। সবচেয়ে বেশি ২০বার লিগ শিরোপা জেতা দলটি গত একদশকে সাফল্য তো পাচ্ছেই না, পয়েন্ট টেবিলে উপরের দিকেও জায়গা করে নিতে পারছে না।
শনিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের আগে আমোরিম বলেছেন, ‘আমরা একটি বিশাল ক্লাব, কিন্তু বিশাল কোনো দল নই। এ বিষয়টি সকলেই জানে এবং সেটি বলতে সমস্যা নেই।’
‘আমাদের খেলোয়াড়দের বুঝতে হবে যে এ অবস্থানটা বেশ কঠিন। লিগে আমরা সবচেয়ে ভালো দলগুলোর মধ্যের একটি নই এবং সেটি আমাদের স্পষ্টভাবে বলতে ও চিন্তা করতে হবে। কিন্তু আমাদের অতীত, আমাদের ক্লাব হতে পারে লিগের সেরা।’
নিজেদের দায়িত্ব সম্পর্কে আমোরিম বলেছেন, ‘সুতরাং, আমাদের যে সমস্যা আছে সেটির দিকে মনোযোগ দিতে হবে। ছোটখাটো বিষয়গুলো এবং তথ্যের উপর মনোযোগ রাখতে হবে। আমি মনে করি যেভাবে আমরা পিছনে যাই, যেভাবে আমরা এগিয়ে যাই, যেভাবে আমরা লড়াই করি, আমাদের দলের সাথে বিষয়টি খুব স্পষ্ট হতে হবে। এটি আমাদের প্রথম পয়েন্ট যা সমাধান করতে হবে, তারপর কৌশলগত ও প্রযুক্তিগত দিকগুলো আসবে।’







