পাওয়ার প্লেতে দুর্দান্ত বল করছে বাংলাদেশ। স্পিন-পেসের সমন্বয়ে আফগানদের টেনে ধরেছেন নাসুম-তাসকিন-শরিফুল। শুরুতে নাসুম আহমেদ উইকেট এনে দেন, তারপর তাসকিন আহমেদ, নিজের প্রথম ও ইনিংসের পঞ্চম ওভারে এসে উইকেট এনে দিয়েছে শরিফুল ইসলামও।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়ার প্লে শেষে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪০ রান। ৫ বল খেলে ৭ রানে মোহাম্মদ নবী ও ৪ বলে ১ রানে ক্রিজে আছেন করিম জানাত।
প্রথম ওভারেই আফগানিস্তানের দুই ওপেনার হযরতউল্লাহ জাজাই ও রহমানুল্লাহ গুরবাজকে চেপে ধরেছেন বাঁহাতি স্পিনার নাসুম। মাত্র ২ রান আসে ওই ওভারে।
দ্বিতীয় ওভারে তাসকিনের বলে ক্যাচ দেন গুরবাজ। অসাধারণ চেষ্টার পরও ক্যাচটি হাতে রাখতে পারেননি রনি তালুকদার। প্রথম সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। ওই ওভারেই ছক্কা হাঁকান জীবন পাওয়া গুরবাজ।
পরের ওভারের প্রথম বলে নাসুমের উপর চড়াও হন আরেক ওপেনার জাজাই, লংঅনে ছক্কা হাঁকান। তাকে আর সুযোগ দেননি নাসুম, পরে বলেই ক্যাচ তুলতে বাধ্য করেন। ১০ বল খেলে ৮ রান করে যান জাজাই।
চতুর্থ ওভারে গুরবাজ বাউন্ডারি মেরে আগ্রাসী হওয়ার চেষ্টা করলেও বেশিক্ষণ স্থায়ী হতে দেননি তাসকিন। ১১ বল খেলে ১৬ রানে আউট হন আফগান ব্যাটার।
বৃষ্টির শঙ্কা ও কার্টেল ওভারের সম্ভাবনা মাথায় রেখে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর পরীক্ষা টি-টুয়েন্টিতে। দুই ম্যাচের সিরিজের প্রথমটিতে আফগানিস্তানকে আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ।








