বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ভেন্যু হিসেবে নাম লেখাচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনা। স্টেডিয়ামটিতে ঘরোয়া ফুটবলের অনেক ম্যাচ হলেও এবারই বাংলাদেশের কোনো ক্লাবের মাঠে প্রথমবার আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হবে।
রোববার বিকেল ৫টায় মাঠে গড়াবে বাংলাদেশ-আফগানিস্তানের আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচটি। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের আগে প্রস্তুতির লক্ষ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বসুন্ধরার কিংস অ্যারেনায় আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। রেফারি খেলা শুরুর বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে কিংস অ্যারেনার আন্তর্জাতিক ভেন্যু হিসেবে হবে অভিষেক।
একমাস আগেও কিংস অ্যারেনার গ্যালারিতে ছিল না কোনো সিট। আন্তর্জাতিক ম্যাচ সামনে রেখে সিটগুলো বসানোর কাজ সম্প্রতি শেষ হয়েছে। গ্যালারির একপাশে লাল সিটের মাঝে সাদা রঙয়ের কয়েকটি আসন রয়েছে, যা দূর থেকে দেখলে ইংরেজি অক্ষরে কিংস (Kings) লেখা বোঝা যায়। বসুন্ধরা কিংসের হোম ভেন্যু হওয়াতেই মূলত আনা হয়েছে এমন নকশা।

ঘাসের মাঠের এ স্টেডিয়ামে ১৪,০০০ দর্শক খেলা উপভোগ করতে পারেন। নতুন সিট বসে যাওয়ায় দর্শক ধারণ ক্ষমতা এখন কিছুটা কমবে। কিংস অ্যারেনার মোট আয়তন ১০৫ মিটার×৬৮ মিটার (১১৫ গজ×৭৪ গজ)।
মাঠে স্থায়ীভাবে বসানো হয়েছে ডাগ আউটের সিট। আকার আগের চেয়ে বেড়েছে। তিনতলায় অবস্থিত ধারাভাষ্যকক্ষ আগের স্থান থেকে বাঁ-দিকে সরিয়ে নেয়া হয়েছে। আন্তর্জাতিক ম্যাচ সামনে রেখে এমন ব্যবস্থা। ৮০-৮৫ জন সাংবাদিক একসাথে বসে ম্যাচ কভার করতে পারবেন। তৃতীয় তলায় আরও আছে লাউঞ্জ, এখানে বসে খেলা দেখা ও খাওয়া-দাওয়ার ব্যবস্থায় আছে। সাধারণের প্রবেশ নিষিদ্ধ।

দোতালায় স্বাগতিক ও অতিথি দলের ম্যানেজমেন্টের সঙ্গে সম্পৃক্ত সকলের বসার জন্য রয়েছে সুব্যবস্থা। খেলোয়াড়দের পরিবারের সদস্যরা কেউ খেলা দেখতে আসলে সেখানে বসবেন। ম্যাচ অফিসিয়ালদের জন্য তৈরি করা হয়েছে আলাদা বসার কক্ষ। তার পাশে বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য বানানো হয়েছে বড় একটি কক্ষ। টিভি প্রোডাকশনের জন্য পিসিআর কক্ষও দোতালায় অবস্থিত।







