প্রতিষ্ঠাবার্ষিকীতে চ্যানেল আই প্রাঙ্গণে উপদেষ্টা মাহদী আমিন

ছবি: সংগৃহীত
২৭ বছরের পথ পেরিয়ে ২৮ বছরে পদার্পণ করেছে চ্যানেল আই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে চ্যানেল আই প্রাঙ্গণে এসে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
চ্যানেল আই ভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খানসহ সংশ্লিষ্টরা।
এ সময় মাহদী আমিন বলেন, চ্যানেল আই সবসময় সত্য, সঠিক ও ন্যায্য সংবাদের সঙ্গে থেকেছে। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভবিষ্যতেও চ্যানেল আই সৃজনশীল ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।
দীর্ঘ ২৮ বছরের পথচলায় সংবাদ ও বিনোদনের পাশাপাশি সংস্কৃতি, কৃষি, প্রকৃতি এবং দেশীয় ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে দর্শকদের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করেছে চ্যানেল আই। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে চ্যানেল আইয়ের এই দীর্ঘ যাত্রার বিভিন্ন অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথাও উঠে আসে।
চ্যানেল আই সংশ্লিষ্টরা জানান, আগামী দিনগুলোতে দর্শকদের জন্য আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় অনুষ্ঠান উপহার দেওয়ার প্রত্যয় রয়েছে তাদের। দেশের গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করার কথাও জানান তারা।






