সরবরাহকৃত বিদ্যুতের জন্য ভারতের আদানি পাওয়ারের বাংলাদেশের কাছে পাওনা প্রায় ৮০০ মিলিয়ন ডলার (৯ হাজার ৫০০ কোটি) বিপুল অঙ্কের টাকা বকেয়া পড়লেও বাংলাদেশে বিদ্যুত সরবরাহ অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি।
ভারতীয় নিউজ পোর্টাল নিউজ বিটে প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে: বকেয়া পেমেন্ট ৮০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়া সত্ত্বেও বাংলাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে আদানি পাওয়ার। তবে কোম্পানিটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এই পাওনাগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছে।
আদানি পাওয়ারের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে: আমরা বাংলাদেশকে জানিয়েছি বিদ্যুৎকেন্দ্র তৈরিতে অর্থলগ্নিকারীদের চাপে আছে আদানি গ্রুপ। এছাড়া আদানি গ্রুপ আশা প্রকাশ করেছে বিলম্বের সুদসহ সব বকেয়া দ্রুত পরিশোধ করা হবে।
ঝারখণ্ডে তৈরি করা আদানির ১ হাজার ৬০০ মেগাওয়াটের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চুক্তি আছে। প্রতিমাসে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপকে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার দিতে হয় বাংলাদেশকে।
তবে সময় মতো অর্থ পরিশোধ না করায় এখন বাংলাদেশের কাছে আদানির পাওনা ৮০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। যা বাংলাদেশি অর্থে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকার সমান।







