প্রয়াত হয়েছেন তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত নাম, বর্ষীয়ান অভিনেত্রী, রাজনীতিবিদ ও প্রাক্তন সাংসদ জে যমুনা।
শুক্রবার (২৭ জানুয়ারি) হায়দরাবাদে নিজের বাসভবনে মৃত্যু বরণ করেন এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
বয়সজনিত কারণেই মৃত্যু হয়েছে জে যমুনার। জে যমুনার স্বামী জুলুরি রমনা রাও ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যার অধ্যাপক ছিলেন। ২০১৪ সালেই তার মৃত্যু হয়।
জানা গেছে, জে যমুনার দেহ জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ফিল্ম চেম্বারে নিয়ে যাওয়া হবে। দিনের শেষে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে তার পরিবারের তরফে জানানো হয়েছে।
১৯৩৬ সালের ৩০ আগস্ট হাম্পিতে জন্মগ্রহণ করেন জে যমুনা। মাত্র ১৬ বছর বয়সেই অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেন। ভারতের কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক শাখা প্রজা নাট্য মণ্ডলীর গারিকপতি রাজা রাও দ্বারা নির্মিত পুট্টিল্লু (১৯৫২) ছবিতে অভিনয় করেন তিনি।
এর আগে তিনি রাজা রাও পরিচালিত ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের তরফে মঞ্চস্থ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন। এল ভি প্রসাদের মিসাম্মা (১৯৫৫) ছবিতে একটি নিষ্পাপ মেয়ের ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন তিনি। সব মিলিয়ে, তিনি তেলেগু ভাষার ১৯৮টি ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল ‘ভুকাইলাস’, ‘গুন্ডাম্মা কথা’, ‘চিরঞ্জিভুলু’, ‘মুগা মানাসুলু’ এবং ‘রামুডু ভীমুডু’ ইত্যাদি। এছাড়াও বলিউডের ছবিতেও কাজ করেছেন এই অভিনেত্রী।
সূত্র: হিন্দুস্থান টাইমস







