মুকুল দেবের অকাল প্রয়াণে শোকের ছায়া বলিউডে। অভিনেতার বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। তার মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আনেন অভিনেতা মনোজ বাজপেয়ী। কিন্তু মুকুলের মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই বলেননি তিনি। এবার ভাইয়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিনেতা রাহুল দেব।
জানা গেছে, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল। তবে গত ৮-১০ দিনে তার শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন তিনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিবৃতিতে রাহুল জানিয়েছেন মুকুলের শেষকৃত্যের কথা। তিনি লিখেছেন, “গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছেন। মুকুল তার কন্যা সিয়া দেবের সঙ্গে থাকতেন।”
রাহুল আরও লিখেছেন, “মুকুলকে আমরা দুই ভাই বোন রশমি দেব ও রাহুল দেবের খুব মনে পড়বে। মুকুলের ভাইপো সিদ্ধান্ত দেবের ওকে মনে পড়বে। দয়া করে বিকাল পাঁচটায় ওর শেষকৃত্যে যোগ দিন।” দিল্লিতেই শেষকৃত্যের আয়োজন করা হয়েছে।
তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে মুকুলের, তা জানাননি রাহুলও। মুকুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তার বাড়িতে যাওয়া শুরু করেছেন বলিউডের তারকারা।
মনোজ বাজপেয়ী ছাড়াও বিন্দু দারা সিংহ, দীপশিখা নাগপালও শোকপ্রকাশ করেছেন সমাজমাধ্যমে। বড় পর্দার সঙ্গে ছোট পর্দাতেও পরিচিত মুখ ছিলেন মুকুল দেব।








