সিলেট সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক (মেয়রের দায়িত্ব) আব্দুল কাইয়ুম চৌধুরী আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশন কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেছেন।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে সকাল সাড়ে ১১টায় তিনি ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান। বিমানবন্দর থেকে তিনি হযরত শাহজালাল (রহ.) এবং হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে সিটি কর্পোরেশন কার্যালয়ে গিয়ে প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট নগরীর সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা জোরদার এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।








