১৯৯০ সালের অন্যতম বাণিজ্যসফল ছবি ‘আশিকী’। পর্দায় ঝড় তোলে রাহুল রায় ও অনু আগারওয়ালের জুটি। দীর্ঘদিন পর আবারও চর্চায় এই অভিনেতা। সমাজমাধ্যমে ঘুরছে একটি ভিডিও, যেখানে ৫৯ বছরের অভিনেতাকে সেই ছবির গানেই ঠোঁট মেলাতে দেখা যাচ্ছে।
বিহারের এক বিয়েবাড়ির অনুষ্ঠানের মঞ্চ আলো করলেন অভিনেতা রাহুল রায়। ভাইরাল সেই মুহূর্ত। আর তাতেই সমাজমাধ্যমে ‘আফসোস’ তার অনুরাগীদের।
ভিডিওতে দেখা যাচ্ছে, রাহুলের পরনে স্যুট। চেয়ারে বসে অভিনেতার হাতে একটা গিটার। নেপথ্যে বাজছে কুমার শানুর গাওয়া ‘আশিকী’ ছবির জনপ্রিয় গান ‘সাসো কি জরুরত হ্যায় জ্যায়সে’। গানের সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন অভিনেতা।
সম্প্রতি বিহারের জনপ্রিয় গণিত শিক্ষাবিদ আরকে শ্রীবাস্তবের ভাইঝির বিয়েতে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই তাকে দেখা গেল জনপ্রিয় ‘আশিকী’ ছবির চরিত্রে। তার সঙ্গে গলা মেলান ওখানে উপস্থিত অতিথিরাও। হাততালিতে ফেটে পড়ে চারদিক। মঞ্চ থেকেই অনুরাগীদের সঙ্গে হাত মেলাতেও দেখা যায় অভিনেতাকে।
এই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটাগরিকের মন্তব্য, “এর থেকে অনেক বেশি খ্যাতি প্রাপ্য রাহুলের।’’ ক্যামেরার সামনের তারকা থেকে এখন দেশের প্রত্যন্ত অঞ্চলের বিয়েবাড়ির অনুষ্ঠানে পারফর্ম করা অভিনেতার অবস্থা দেখে দুঃখপ্রকাশ করেছেন অনুরাগীরা।
সমাজমাধ্যমে কেউ লেখেন, “ওর জন্য খারাপ লাগছে। একসময়ের তারকা অভিনেতা, ‘বিগ বস্ ১’-এর বিজয়ী।” অন্য একজন লেখেন, “পয়সার জন্য কী না করতে হয়!” আবার একজন লেখেন, “ববি দেওলের মতো ওটিটি-র সিরিজে অভিনয় করতে পারতেন।” এছাড়াও একজন লেখেন, “ঈশ্বর এত খারাপ দিন যেন কাউকে না দেখায়।”
২০২০ সালে লাদাখে শুটিং করার সময় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন রাহুল। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মস্তিষ্ক ও হৃৎপিণ্ডের অ্যাঞ্জিয়োগ্রাফি করা হয় সেখানে তার। এরপর ওই বছরের ২৭ নভেম্বরে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালের আইসিইউয়ে ভর্তি করা হয়েছিল তাকে। দেড় মাস সেখানে ভর্তি ছিলেন। ওই সময়ে অভিনেতার হাসপাতালের সমস্ত খরচ মিটিয়েছিলেন সালমান খান।- টাইমস অব ইন্ডিয়া








