জয়পুরহাটের হিচমী-পুরানাপৈল বাইপাস সড়কের হিচমী ড্রিমস কিচেন এলাকা থেকে ওড়নায় ঢাকা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ নভেম্বর) সকাল ৮ টার দিকে উদ্ধার ওই নারীর নাম আনোয়ারা বেগম (৪০)। তিনি দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাতআনা আলীরহাটের সেলিম হোসেন স্ত্রী ও দুই সন্তানের জননী। তবে তার স্বামী তাকে ছেড়ে যাবার পর থেকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সড়াইল গ্রামে তার বাবার বাড়িতে থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে হিচমী-পুরানাপৈল বাইপাস সড়কের হিচমী ড্রিমস কিচেন এলাকায় সড়কের পাশে স্থানীয়রা ওড়নায় ঢাকা অবস্থায় এক নারীকে দেখতে পায়। ওই লাশের পাশে একটি ভ্যানিটি ব্যাগ ও একজোড়া জুতাও পড়ে ছিল। স্থানীয়রা ৯৯৯ কল করে ঘটনাটি জয়পুরহাট সদর থানা পুলিশকে জানালে সকাল আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
জয়পুরহাট সদর থানার উপপরির্দশক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, সড়কের পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের কাছে পাওয়া ভ্যানিটি ব্যাগে থাকা মুঠোফোনের সূত্র ধরে ওই নারীর নাম পরিচয় পাওয়া গেছে। সে অন্য কোথায় মারা গেছেন। কেউ তাকে সড়কের পাশে ফেলে গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।







