টমেটোর ক্রমবর্ধমান দাম বেড়ে যাওয়ায় ভারতের মহারাষ্ট্রের পুনের একজন কৃষক টমেটো বিক্রি করে মাত্র এক মাসের মধ্যে তিন কোটি রুপি (প্রায় ৩ কোটি ১০ লাখ টাকা) আয় করেছেন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, পুনে জেলার জুন্নার তহসিলের পাচঘর গ্রামের কৃষক ঈশ্বর গায়কার (৩৬) তার ১২ একর জমিতে টমেটো চাষ করেন। এর আগে বেশ কয়েকবার টমেটো চাষ করে লোকসানের সম্মুখীন হয়েছিলেন। কিন্তু এইবার তিনি লাভের মুখ দেখেন।
কৃষক ঈশ্বর জানান, ১১ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত টমেটো বিক্রি করে তিনি ৩ কোটি রুপি আয় করেছেন। এই সময় তিনি ১৮ হাজার ক্রেট টমেটো বিক্রি করেছেন। তার কাছে আরও ৪ হাজার ক্রেট টমেটো অবশিষ্ট রয়েছে যা থেকে আরও প্রায় ৫০ লাখ রুপি আয় করবেন বলে আশা করছেন ঈশ্বর।
তিনি জানান, ১১ জুন যে টমেটো তিনি ৭৭০ টাকা ক্রেট প্রতি বিক্রি করেন, তার দাম ১৮ জুলাই এসে দাড়ায় ২২০০ রুপিতে।







