কোভিড-১৯ টিকা গ্রহণের পর যারা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, তাদের বহু বছর ধরে বলা হয়েছে যে টিকার সাথে তাদের লক্ষণগুলোর কোনো যোগসূত্র নেই। কিন্তু চলতি সপ্তাহেই সেই ধারণা বদলে গেছে। কোভিড টিকার পার্শ্বপ্রতিক্রিয়া আছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
সংবাদ মাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ইয়েল ইউনিভার্সিটির একটি গবেষণা দল প্রকাশ করেছেন যে কোভিড টিকা বা এমআরএনএ টিকা একটি নতুন স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে, যার নাম দেওয়া হয়েছে ‘পোস্ট-ভ্যাকসিনেশন সিন্ড্রোম’। এই সিন্ড্রোমে আক্রান্ত রোগীদের মধ্যে ব্রেইন ফগ, মাথা ঘোরা, টিনিটাস (কানে বাজা), চরম ক্লান্তি এবং ইমিউন সিস্টেমে জৈবিক পরিবর্তন দেখা যায়।
এই গবেষণার প্রধান গবেষক ডা. আকিকো ইওয়াসাকি বলেছেন, তিনি বুঝতে পারছেন তার এই গবেষণা বিতর্কিত হতে পারে। তবে তিনি চান যে আক্রান্ত রোগীরা জানুক যে তার দল এই বিষয়ে আরও গবেষণা চালিয়ে যাবে, যাতে ‘ভালো স্বচ্ছতা এবং নিরাপদ টিকা’ নিশ্চিত করা যায়। যারা পোস্ট-ভ্যাকসিনেশন সিন্ড্রোমে ভুগছেন, তাদের জানানো দরকার যে আমরা আপনাদের দেখছি, শুনছি এবং এই বিষয়ে আরও গবেষণা চালিয়ে যাব, যাতে আরও ভালো চিকিৎসা সেবা প্রদান করা যায়।
তিনি বলেন, এই সিন্ড্রোমে আক্রান্ত ব্যক্তিরা এতদিন উপেক্ষিত এবং অবহেলিত বোধ করেছেন কারণ পিভিএস একটি চিকিৎসাগতভাবে স্বীকৃত অবস্থা নয়। আমি বিশ্বাস করি যে কঠোর বৈজ্ঞানিক গবেষণা পিভিএস -এর ভালো নির্ণয়, চিকিৎসা এবং প্রতিরোধের দিকে নিয়ে যাবে। এমন গবেষণা আরও স্বচ্ছতা এবং নিরাপদ টিকা নিশ্চিত করবে। এই গবেষণার ফলাফল এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পিভিএস কতটা সাধারণ তা এখনও স্পষ্ট নয়।
তবে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এখনও কোভিড টিকা গ্রহণের পরামর্শ দিচ্ছে, বিশেষ করে বয়স্ক বা দুর্বল ইমিউন সিস্টেমযুক্ত ব্যক্তিদের জন্য, যারা এই রোগের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। তাই এই নতুন গবেষণার পর যারা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় আক্রান্ত হয়েছেন, তারা লক্ষণগুলি যাচাই করা হচ্ছে জানতে পেরে আশাবাদী।








