কক্সবাজার জেলার চকরিয়ায় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ ইব্রাহিম (৩২) নামের একজন মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল (৬ সেপ্টেম্বর) শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের ছনখোলা এলাকার রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইব্রাহিম ওই এলাকায় জামাল উদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে রেললাইন পার হচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন মোহাম্মদ ইব্রাহিম। এসময় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কক্সবাজার এক্সপ্রেস নামের ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।








