ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকেই জমায়েত হচ্ছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা।
আজ ৩ মে শনিবার সকাল ৯টায় শুরু হওয়া এই মহাসমাবেশে অংশ নিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলে দলে লোকজন যোগ দিচ্ছেন। কেউ আসছেন বাসে, কেউবা হেঁটে; কেউ আসছেন শাহবাগের দিক থেকে, আবার কেউ দোয়েল চত্বর ও নীলক্ষেতের দিক দিয়ে।
কওমি মাদ্রাসাভিত্তিক এই সংগঠনটি ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিচারসহ চার দফা দাবি নিয়ে ঢাকায় মহাসমাবেশের আয়োজন করেছে। সমাবেশে হেফাজতের শীর্ষ নেতাদের পাশাপাশি দেশের বরেণ্য আলেমরা বক্তব্য রাখবেন।
হেফাজতের পক্ষ থেকে জানানো চারটি মূল দাবিকে ঘিরেই এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দাবিগুলো হলো—
১. অন্তর্বর্তীকালীন সরকার গঠিত নারীবিষয়ক সংস্কার কমিশনের ইসলামবিরোধী প্রস্তাব বাতিল
২. সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন
৩. ২০১৩ সালের ৫ মে-সহ অতীতের সব তথাকথিত গণহত্যার বিচার ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার
৪. ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধের দাবিতে আন্তর্জাতিক চাপ সৃষ্টি।








