পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৭ হাজার ১৩৩ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়েছে ‘এমভি সাগরকান্তা’ নামের আরও একটি জাহাজ। এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে জাহাজটি।
গতকাল সোমবার বিকেলে জাহাজটি আউটারেজে আসার পর আজ (১১ জুলাই) সকালে বন্দরের ইনারে এনে লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হয়েছে।
সিঙ্গাপুরের পতাকাবাহী এ জাহাজটির দৈর্ঘ্য ১৯৯.৯৮মিটার ও প্রস্থ ৩২.২৬ মিটার। বন্ধ তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি পঞ্চম জাহাজ। তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর মোট ৫ জাহাজে প্রায় ১ লাখ ৯০ হাজার মেট্রিক টন কয়লা এসেছে এখন পর্যন্ত।








