নরসিংদীর তরুণদের দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে: র্যাব

নরসিংদীতে যে যে তথ্য দিয়ে তরুণেরা বাসা ভাড়া নিয়েছিল তার সঙ্গে পরে পাওয়া তথ্যে খানিকটা পার্থক্য আছে বলে সাংবাদিকদের জানিয়েছেন র্যাবের মিডিয়া উইং এর পরিচালক মোহাম্মদ মুফতি মাহমুদ খান।
রোববার ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমরা প্রথম থেকেই ওদের আত্মসমর্পণ করাতে চেয়েছি। পরে তারা তাতে রাজি হয়। আপাতত তাদের হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, তারা যেসব ডকুমেন্ট দিয়েছিলো সেসব ভেরিফিকেশন করা হবে। এই মাসের তিন তারিখে তারা এই বাসাটি ভাড়া নিয়েছিলো। তারা এর আগে বলেছিলো ৪-৫ জন থাকবে। এবং সবার নাম সুনির্দিষ্টভাবে বলেছিল। পরে দেখা গেছে কিছু নতুন মুখ যুক্ত হয়েছে।
তবে একটি রুম সার্চ করে কোন কিছু পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, বাহ্যিকভাবে একটি রুম সার্চ করা হয়েছে। সেখানে কোন গোলাবারুদের সন্ধান পাওয়া যায়নি। অন্য ঘরগুলোতে অনুসন্ধান চলছে।
এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা নরসিংদীর গাবতলীর বাড়ির ভেতরে থাকা পাঁচ তরুণ বেরিয়ে এসে র্যাবের কাছে আত্মসমর্পণ করে।
র্যাবের মিডিয়া উইং পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সেসময় সাংবাদিকদের জানান, র্যাবের আহ্বানে আত্মসমর্পণে রাজি হওয়া ব্যক্তিদের সনাক্ত করতে তাদের আত্মীয়-স্বজনকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়।
ওই বাড়ির ভেতরে থাকা একজন ছাত্র আবু জাফর মিয়া শনিবার রাতে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বাঁচান। আমরা নিরপরাধ। আমরা আওয়ামী লীগের কর্মী। আমরা ষড়যন্ত্রের শিকার। প্লিজ, আমাদের বাঁচান। আমরা সাধারণ ছাত্র। প্লিজ, আমাদের উদ্ধার করুন। প্লিজ, প্লিজ, প্লিজ।’
রোববার সকালে অভিযান শুরু হওয়ার কথা থাকলেও র্যাবের আত্মসমর্পণের আহ্বানে সাড়া দেয়ায় তা বন্ধ রাখা হয়। নিজেদেরকে নিরাপত্তা দেওয়ার শর্তে ওই বাড়ির ভেতরে থাকা ব্যক্তিরা আত্মসমর্পণ করবে বলে র্যাবকে জানায়।
বাড়িটির ভেতরে জেএমবি’র ৫ থেকে ৬ জন সক্রিয় সদস্য অবস্থান করছে বলে ধারণা ছিল র্যাবের। শনিবার সন্ধ্যায় র্যাব-১১ এর একটি দল গোপন তথ্যর ভিত্তিতে ওই বাড়িটি ঘিরে রাখে।
মুফতি মাহমুদ খান জানান, সিলেটের আতিয়া মহলে অভিযানের পর জঙ্গিরা ঢাকার আশেপাশের জেলায় অবস্থান নিয়েছে-এমন তথ্যের ভিত্তিতেই গত কয়েক দিন থেকে নরসিংদীতে অভিযানে নামেন তারা।
শনিবারও চলে তাদের অভিযান। নরসিংদীর উত্তর গাবতলী এলাকার দুবাই প্রবাসী মইনউদ্দিনের ওই বাড়িটিতে মাদ্রাসা ছাত্র পরিচয়ে বসবাস করা ৫-৬ জনের গতিবিধি সন্দেহজনক মনে হলে জঙ্গি আস্তানা সন্দেহে শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাড়িটি ঘেরাও করা হয়। এরপর বাড়ির মালিকের ছোট ভাই জাকারিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
সালাউদ্দিন নামের এক মাদ্রাসা ছাত্র পরিচয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে বাড়িটি ভাড়া নেয়। এরপর সে আরো ৪-৫ জন নিয়ে ওই বাড়িতে বসবাস শুরু করে বলেও জানায় র্যাব।





