রাজধানীর সরকারি ৭ কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দেওয়া হলেও এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। যার ফলে, নির্ধারিত সময়ের আল্টিমেটাম দিয়ে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এবার সরাসরি মন্ত্রণালয় ঘেরাও করার কর্মসূচির কথা জানিয়েছেন তারা।
শনিবার (১৭ মে) ইডেন মহিলা কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এসব কথা বলেন।
শিক্ষার্থীরা জানায়, আগামীকাল রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারিসহ ৫ দফা দাবি মানা না হলে সোমবার থেকে কর্মসূচিতে যাব আমরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের দেওয়া পাঁচ দফা দাবি হলো– রোববারের (১৮ মে) মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের প্রজ্ঞাপন জারি করতে হবে; অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের পর সেশনজট নিরসনসহ সামগ্রিক বিষয় নিয়ে ও অ্যাকাডেমিক ক্যালেন্ডার বানাতে হবে; ভুতুড়ে ফলের সমাধান, বিভিন্ন ইস্যুতে অতিরিক্ত ফি আদায় এবং যাবতীয় অসঙ্গতিগুলো স্পষ্টভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে; অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে ২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিতে হবে, এবং আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়য়ের রূপরেখা, লোগো মনোগ্রাম প্রকাশ করতে হবে।
সর্বশেষ আগামী ১৬ জুন নতুন বিশ্ববিদ্যালয়য়ের অধ্যাদেশ জারি করতে হবে। একইসঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট নির্ধারণ করতে হবে।







