বাংলাদেশ

দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল, প্রাণ গেল স্ত্রীসহ পরিবারের ৬ জনের

দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল, প্রাণ গেল স্ত্রীসহ পরিবারের ৬ জনের

ছবি: সংগৃহীত

পরিবারের সদস্যদের সঙ্গে ছুটি কাটাতে কক্সবাজার গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। কিন্তু উখিয়ার ইনানীতে যে রিসোর্টে উঠেছিলেন, সেখানে আগুন লাগার পর মুহূর্তেই বদলে যায় সবকিছু। প্রাণ বাঁচাতে দোতলা থেকে লাফ দেন আশিকুল। বেঁচে ফিরলেও আগুনে স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকাসহ পরিবারের ছয় সদস্যকে হারিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন কাঠের তৈরি একটি রিসোর্টে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

আশিকুলের ছোট ভাই তার পরিবারের সদস্যদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। আশিকুলের এক স্বজন নাম প্রকাশ না করার শর্তে জানান, আগুন লাগার পর দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচেন আশিকুল। তবে তার স্ত্রী ও স্ত্রীর ছোট বোনসহ পরিবারের ছয় সদস্য মারা গেছেন।

স্থানীয়রা জানান, সকালে রিসোর্টটিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় অংশ নেন।

বেলা সোয়া দুইটার দিকে ফায়ার সার্ভিসের কক্সবাজারের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সেখানে আরও মরদেহ থাকতে পারে। উদ্ধার অভিযান চলছে।

নিহত ১০ জনের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুবক্তগীন মাহমুদ সোহেল তাদের পরিচয় নিশ্চিত করেছেন।

অগ্নিকাণ্ডে দগ্ধ ছয়জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

বিষয়:আশিকুল ইসলাম কক্সবাজার রিসোর্টে আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…