দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৭ শিশু।
মঙ্গলবার ২৫ আগস্ট বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৫ আগস্ট পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৪৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট ৯৪৩ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৮৬ শিশু। এ সময়ে ৮৯০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং একই সংখ্যক রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৫৭৮ জনের।
এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩২ হাজার ৫৫৪ জন। তাদের মধ্যে ১ লাখ ২৭ হাজার ৮১১ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।









