মোহাম্মদ মাহামুদুল: মালদ্বীপের রাজধানী মালেতে যৌন ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন বিদেশীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার ২০ জুলাই রাতে বিশেষ অভিযানে, মানব পাচার বিরোধী বিভাগ, গোয়েন্দা বিভাগ এবং মালদ্বীপ ইমিগ্রেশন সার্ভিসের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানীর মালে আলোরা স্পা এবং সেলুনে যৌন ব্যবসা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল।
মামলায় গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন বিদেশি নারী রয়েছেন। তাদের মধ্যে দু’জনের বয়স ৩৪ আর তৃতীয়জনের বয়স ৪৩। পুলিশ ওই নারীর জাতীয়তা প্রকাশ করেনি। বাকি দু’জন পুরুষ মালদ্বীপের স্থানীয় নাগরিক। তাদের একজনের বয়স ৩৮ এবং অন্যজনের বয়স ৩৯।
গ্রেপ্তারকৃত পাঁচজনকে শুক্রবার রিমান্ড শুনানির জন্য ফৌজদারি আদালতে হাজির করা হয়। আদালত তিন নারীকে ১৫ দিনের জন্য এবং ৩৪ বছর বয়সী পুরুষকে ১০ দিন এবং ৩৯ বছর বয়সীকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় তাদের কয়েকজন লো-কাট পোশাক পরে ছিল। মামলাটি পুলিশের অধিকতর তদন্তাধীন রয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মালদ্বীপের রাজধানী ও পার্শ্ববর্তী হুলুমালে ম্যাসেজ পার্লার এবং স্পাগুলিতে যৌন ব্যবসা প্রতিনিয়ত হচ্ছে, যা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে প্রকাশে অর্ধ উলঙ্গ হয়ে বিদেশি নারীরা বিজ্ঞাপন প্রচার করে।








