রংপুরে আবু সাইদ হত্যার ঘটনায় প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় অন্য মামলায় গ্রেপ্তার ৪ জনকে আগামী ৯ এপ্রিল হাজির করতে নির্দেশ দেয়া হয়েছে।
রোববার (২ মার্চ) সেই তারিখের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানায় চিফ প্রসিকিউটর। একইসাথে জুলাই আগষ্ট গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চলতি মাসেই পাওয়া যাবে বলে জানান তারা।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। এই ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন সাবেক এ এস আই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম, ছাত্র লীগ কর্মী এমরান চৌধুরী আকাশসহ আরও ইন্ধন যুগিয়ে ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন।
অন্য মামলায় গ্রেপ্তার থাকা ওই আসামিদের এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানান তারা। জুলাই-আগষ্ট গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলা তদন্ত নিয়েও কথা বলে প্রসিকিউশন।
ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সংবাদ প্রকাশে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর।







