বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দেশের ডোমেইন ব্যবহারে উৎসাহ দিতে বিডি ডোমেইন সেবার জনপ্রিয় ক্যাটাগরিতে মূল্যছাড় ঘোষণা করেছে।
বিটিসিএল সূত্র জানায়, সবচেয়ে বেশি ব্যবহৃত দুটি ক্যাটাগরি- ডটবিডি থার্ড লেভেল ডোমেইন (যেমন- abc.com.bd) এবং ডটবিডি সেকেন্ড লেভেল ডোমেইন (যেমন- abc.bd)- এর ক্ষেত্রে ৩৬ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হয়েছে। এর ফলে ব্যক্তি ও প্রতিষ্ঠান স্বল্প খরচে ডটবিডি ডোমেইন সেবা নিতে পারবেন।
দুই অক্ষরের বেশি ডটবিডি থার্ড লেভেল ডোমেইনের জন্য প্রতি বছরের নিবন্ধন ফি ১ হাজার ১০০ টাকা থেকে কমিয়ে ৭০০ টাকা করা হয়েছে। পুনরায় নিবন্ধন ফি ১ হাজার ৬০০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২০ টাকা করা হয়েছে।
দুই অক্ষরের বেশি ডটবিডি সেকেন্ড লেভেল ডোমেইনের জন্য নিবন্ধন ফি ২ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার ২৮০ টাকা এবং পুনরায় নিবন্ধন ফি ২ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৬০০ টাকা করা হয়েছে।
বাংলাদেশভিত্তিক প্রতিষ্ঠান ও ব্যক্তির জন্য বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে। সরকারি ও স্বনামধন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে বেশি গ্রহণযোগ্য। স্থানীয় বাজারে পেশাদার ইমেজ ও গ্রহণযোগ্যতা বাড়ায় বাংলাদেশভিত্তিক সার্চ রেজাল্টে ভালো র্যাংকিংয়ের সম্ভাবনা এবং দেশীয় রেজিস্ট্রেশন নীতির কারণে তুলনামূলকভাবে নিরাপদ।
বিটিসিএল জানায়, নির্ধারিত হারে ভ্যাট প্রযোজ্য। বিটিআরসির নির্দেশনা অনুযায়ী নিয়মাবলী অনুসরণযোগ্য এবং বিটিসিএল কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত ট্যারিফ সংক্রান্ত সিদ্ধান্ত প্রযোজ্য। অফারটি সীমিত সময়ের জন্য কার্যকর।







