কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

ছবি: সংগৃহীত
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসলে নামার পর স্রোতে ভেসে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরও এক পর্যটককে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত দুজন পর্যটক।
বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোলেমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই মোহাম্মদ সোলেমান জানান, কয়েকজন পর্যটক ওই এলাকায় সমুদ্রে গোসল করতে নামেন। এ সময় ভাটার টানে তাঁরা স্রোতে ভেসে যেতে থাকেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা চারজনকে উদ্ধার করেন। তাদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। অপর একজনকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় অন্তত দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে লাইফগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান শুরু করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহত, আহত ও নিখোঁজ পর্যটকদের পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।






