রাজধানীর শুক্রাবাদে একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মোহাম্মদ টোটন, তার স্ত্রী মোছা. নিপা আক্তার ও তাদের ছেলে মো. বায়জিদ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। দগ্ধরা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম বলেন, তিন বছরের শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জানতে পেরেছি গ্যাস লিকেজ থেকে এই আগুনের ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, মো. টোটনের শরীরের ৫০ শতাংশ, নিপার শরীরের ৩২ শতাংশ ও তাদের শিশু সন্তান বায়জিদের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।








