শেরপুরে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

শেরপুরে পিকআপ-সিএনজি সংঘর্ষের ফলে আহত ও নিহতের ঘটনা, স্থানীয়রা উদ্ধার কাজে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
শেরপুরে নকলা উপজেলার পাইশকা বাইপাস এলাকায় পিকআপ ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে।
বুধবার ১৩ নবেম্বর দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ময়মনসিংহে ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের রাজু মিয়ার স্ত্রী সুবিনা বেগম (২০), তার ছোট ভাই শেরপুর জেলা সদরের পলাশিয়া গ্রামের বাসিন্দা সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫) এবং নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউদানা গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েরা বেগম (১০)।
গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃতরা হলেন, নিহত তায়েরা বেগমের মা উম্মে সালমা (৪০), তার মেয়ে তোবা বেগম (১৬) ও ছেলে ছাবিদ (৩) এবং ফুলপুরের সাহাপুর গ্রামের আবুল কাশেমে ছেলে আলা উদ্দিন (৪০)।
নকলা থানার ওসি হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে পাইশকা বাইপাস মোড়ে পিকআপ ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তায়েবা ও তাজেন মিয়া নামে ২ শিশুর মৃত্যু ঘটে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুবিনা নামে আরও এক নারীর মৃত্যু হয়।






