ভারতের উত্তরপ্রদেশে একটি বানরকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ৩ ব্যাংক কর্মকর্তা।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ (১৩ মে) সোমবার ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের ডোমঘর এলাকায় মোরাদাবাদ-আলিগড় মহাসড়কের মাঝখানে এসে পড়ে একটি বানর। সেটিকে বাঁচাতে সরে যায় ব্যাংক কর্মকর্তাদের বহনকারী গাড়ি। তখনই একটি দ্রুতগামী ট্যাংকারের সঙ্গে গাড়ির সংঘর্ষে নিহত হন ওই ৩ ব্যাংক কর্মকর্তা।
এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ২ ব্যাংক কর্মকর্তা। অমিত নামের আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তারা ৩ জনই ভারতের সুপরিচিত অ্যাক্সিস ব্যাংকের কর্মকর্তা ছিলেন।
দুর্ঘটনার পরপরই আশেপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষের সঠিক কারণ জানতে এরইমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।








