বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের তদন্তের ত্রুটির কারণে অনেক রাঘববোয়ালের বিচার করা যায়নি বলে প্রধান বিচারপতির করা মন্তব্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, ‘আজ অনেকেই বলছেন তদন্তের ত্রুটির কারণে রাঘববোয়ালরা পার পেয়ে গেছে। আমি সবিনয়ে বলবো, ২১ বছর পর যে তদন্ত হয়েছে, তা সুষ্ঠু। একটি সুষ্ঠু তদন্তের ভিত্তিতেই আমরা মামলাটি করতে পেরেছি।’
রাজধানীর তেঁজগাওয়ে সরকারী শিশু পরিবারের শিশুদের মধ্যে জাতীয় শোক দিবস উপলক্ষে খাদ্য বিতরণ শেষে আইনমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট আয়োজিত রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘আমি এই মামলার নথি পর্যালোচনা করে দেখেছি অনেক রাঘব বোয়ালই হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিল। কিন্তু তদন্তে ত্রুটির কারণে আমরা তাদের আর বিচার করতে পারিনি।’
ষোড়শ সংশোধনী সম্পর্কে আইনমন্ত্রী বলেন, ‘ষোড়শ সংশোধনীর রায়ের সঙ্গে সরকার একমত পোষণ করে না। পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে সরকার রিভিউর আবেদন করবে। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায়ের সত্যায়িত অনুলিপির জন্য দরখাস্ত করা হয়েছে। রায়টি পরীক্ষা করা হচ্ছে। রায় পুনর্বিবেচনার আবেদনের জন্য সরকার তৈরি হচ্ছে।’
আইনমন্ত্রী বলেন: রায়ের মধ্যে অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, আপত্তিকর যেসব কথা এসেছে, সেগুলো সম্পর্কে প্রতিক্রিয়া দেখানো স্বাভাবিক। কিন্তু যতক্ষণ পর্যন্ত উগ্র ভাষায় আদালত অবমাননা না হয়, ততক্ষণ পর্যন্ত প্রতিক্রিয়া দেখানো অন্যায় নয়।






