ভারতের রাজস্থানের বারানে একটি গণবিবাহের আয়োজনে ৬ ঘণ্টায় ২ হাজার ১৪৩ দম্পতির বিয়ে সম্পন্ন করা হয়েছে। আর এতে গড়েছে এক নতুন বিশ্ব রেকর্ড। এই পরিসংখ্যান পূর্বের ১২ ও ২৪ ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি দম্পতির বিয়ে করার যে রেকর্ড তা অতিক্রম করেছে।
ইউপিআই জানিয়েছে, গত ২৬ মে শ্রী মহাবীর গোশালা কল্যাণ সংস্থা নামের একটি নিবন্ধিত ট্রাস্ট এই গণবিবাহের আয়োজন করে। এখানে হিন্দু ও মুসলিম উভয় ধর্মের বিয়েরই আয়োজন করা হয়। সংস্থাটি প্রতিটি দম্পতিকে গয়না, বিছানা, রান্নাঘরের জিনিসপত্র, টেলিভিশন এবং রেফ্রিজারেটর উপহার দিয়েছে।
কর্মকর্তারা বলেছেন, এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল সুবিধাবঞ্চিত দম্পতিদের বিয়ে করতে এবং তাদের একসাথে জীবন শুরু করতে সহায়তা করা।
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং ক্যাবিনেট মন্ত্রী প্রমোদ জৈন ভায়া অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন দম্পতিদের আশীর্বাদ করেন।







