মুখে বয়সের ছাপ!

হরেক রকম খাবার দোকানে খেতে যাওয়া প্রিয়ার এক ধরণের অভ্যাসে পরিণত হয়েছে। দুপুরের লাঞ্চ থেকে শুরু করে বন্ধুদের আড্ডার সঙ্গী এখন রাস্তার পাশে গড়ে ওঠা ক্যাফেগুলো। কিন্তু এক গবেষণা থেকে জানা গেছে, এই ধরণের অস্বাস্থ্যকর খাবার বছরের পর বছর মানুষের অনেক ক্ষতি করে থাকে। এমনকি বয়স বাড়ার পেছনেও অস্বাস্থ্যকর খাবার দায়ী।
এছাড়া মুখে ব্রণ, চুল পরা, ত্বকের সৌন্দর্য হারিয়ে যাওয়া, ওজন বাড়া সব কিছুর পেছনেই রয়েছে আপনার খাবারের রুটিন।
তাহলে জেনে নিন কী কী কারণে মুখে বয়সের ছাপ পড়ছে—
স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজির চিকিৎসক অ্যারিয়েল ওস্ট্যাড এমনই কিছু খাবারের নাম উল্লেখ করেন এবং গবেষণায় মানুষের খাবারের এমন কিছু অভ্যাস ফুটে উঠেছে যাতে মনের অজান্তেই আপনি আপনার তারুণ্য হারাচ্ছেন।
মিষ্টি খাবার
অনেকে পেস্টি কেক অথবা মিষ্টি খেতে ভালোবাসেন। কিন্তু অতিরিক্ত মিষ্টি বা চিনি গ্রহণ করার ফলে চিনির অণুর সঙ্গে প্রোটিনের মিশ্রণে একটি বিশেষ প্রক্রিয়া শুরু হয়, যাকে বলা হয় গ্লাইকেশন। আর এই প্রক্রিয়া ত্বকের জন্য ক্ষতিকর। এজন্য অতিরিক্ত মিষ্টি খাওয়ার অভ্যাসের কারণে ত্বকে বয়সের ছাপ পড়তে পারে।
হতাশা নিয়ে খাবার খাওয়া
অনেকে বিভিন্ন পরিস্থিতিতে হতাশায় ভুগেন। তখন নিজের অজান্তেই খাবার বেশি খেয়ে ফেলেন। ফলে শরীরে নিউট্রিশন ঠিক মাত্রায় পূরণ হয় না। অতিরিক্ত হতাশা কমাতে খাবারে নিয়ন্ত্রণ না থাকায় বয়সের ছাপ পরে থাকে মুখে।
লবণাক্ত খাবার
লবণ দিয়ে প্রতিটি খাবারই রান্না করা হয়। তবে খাবারে অতিরিক্ত লবণ ত্বকের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। কিছু কিছু টিনজাত খাবার সংরক্ষণ করতে সোডিয়াম ব্যবহার করা হয়। যা শরীরে অতিরিক্ত পানি ধরে রাখাতে সাহায্য করে। ফলে ত্বকে কিছুটা ফোলাভাব দেখা দিতে পারে।
কফি
সারা দিনের অবসাদ দূর করতে কফির জুড়ি নেই। তবে ত্বকে বয়সের ছাপ ফেলতে পারে কফির ক্যাফেইন। তাছাড়া দাঁতের জন্যও ক্ষতিকর কফি। তবে কফির অনেক উপকারও আছে। এরমধ্যে অন্যতম হল কফি স্কিন ক্যান্সারের ঝুঁকি কমায়। তাই এই ধরনের পানীয় গ্রহণের কিছুক্ষণ পর পানি পান করার অভ্যেস করুন। ক্যাফেইন ধরনের পানীয়তে যে ক্ষার থাকে তা ধুয়ে দেবে পানি।
খেতে খেতে টেলিভিশন দেখা
নিজের পছন্দের টিভি শো’ তো মিস করা যায় না। কিন্তু এক গবেষণায় দেখা গেছে, খেতে খেতে টিভি দেখা মানুষ অনেক বেশি খেয়ে ফেলে। ফলে মুটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
পোড়া মাংস
বার্গারে পোড়া মাংসের প্যাটিটা খেতে বেশ লাগে। তবে এই পোড়া কালো মাংস শরীরে হাইড্রোকার্বন তৈরির মাধ্যমে প্রদাহ সৃষ্টি করতে পারে। আর প্রদাহের সময় ত্বকের কোলাজেন ভাঙতে থাকে। কোলজেন হচ্ছে ত্বক গঠণের প্রধান উপাদান। তাই বলে বার বি কিউ করা মাছ-মাংস বা বার্গার খাওয়া বাদ দেওয়ার দরকার নাই। শুধু পোড়ানো খাবার খাওয়ার আগে পোড়া কালো অংশটুকু বাদ দিয়ে খাওয়ার চেষ্টা করুন।
প্রক্রিয়াজাত মাংস
সসেজ, বেকন, প্যাটি ইত্যাদি প্রক্রিয়াজাত মাংস খেতে দারুণ মজা। তবে এই মাংসগুলো প্রক্রিয়জাত করতে ব্যবহার করা হয় সালফাইট এবং অন্যান্য প্রিজারভেটিভ। আর ওই উপাদানগুলো ত্বকের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
এসব খাবারকে বিদায় জানাতে না পারলে, অন্তত কম খান। পাশাপাশি বেশি করে সবজি খাওয়ার চেষ্টা করুন।



