জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগের পর নিজের নির্বাচনী তহবিলে জমা হওয়া ক্রাউড ফান্ডিংয়ের অর্থ যারা ফেরত চাইবেন, তাদের সবাইকে টাকা ফেরত দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। সেই ঘোষণা অনুযায়ী, এখন পর্যন্ত বিকাশে পাঠানো অনুদানের টাকা ফেরত চেয়েছেন ২০৫ জন এবং তাদের সবার টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তাসনিম জারা।
৩ জানুয়ারি শনিবার রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তাসনিম জারা এ ঘোষণা দেন। ভিডিওতে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার সময়ই তিনি জানিয়েছিলেন, এনসিপি ছেড়ে নির্বাচনে অংশ নেওয়ার কারণে কেউ চাইলে অনুদানের টাকা ফেরত দেওয়া হবে। যারা এখনো টাকা ফেরত চাননি, তাদের জন্য ফর্মের লিংক ভিডিওর ক্যাপশন ও কমেন্টে দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো সংশয়ের সুযোগ নেই বলেও জানান তিনি।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া তাসনিম জারার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল প্রক্রিয়া শুরু করেছেন এবং মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
তাসনিম জারা বলেন, মনোনয়নপত্র বাতিলের খবর শুনে অনেক সমর্থক উদ্বিগ্ন হলেও আপিলে জয়ের ব্যাপারে তার যথেষ্ট আস্থা রয়েছে। নিজের আইনজীবীর বরাত দিয়ে তিনি জানান, আপিলে উপস্থাপনের মতো শক্ত আইনি যুক্তি ও অতীতের নজির রয়েছে। বাংলাদেশের পরিবর্তন নিয়ে আশাবাদী এই নেত্রী সমর্থকদের নিরাশ না হওয়ার আহ্বান জানান।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তাসনিম জারা উল্লেখ করেছেন, ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তিনি মোট ৪৬ লাখ ৯৩ হাজার টাকা সংগ্রহ করেছেন।






